রাশিয়ার হামলায় দুই দিনে কিয়েভের দুই সেতু অচল

রাশিয়ার হামলায় দুই দিনে কিয়েভের দুই সেতু অচল

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ নর্দার্ন ব্রিজে রুশ হামলার পর যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর এক দিন আগেই রুশ ড্রোন হামলায় সাউদার্ন ব্রিজ বন্ধ করা হয়েছিল। ফলে দুই দিনের মধ্যে কিয়েভের আটটি ডিনিপ্রো নদী পারাপারের সেতুর দুটি অচল হয়ে পড়েছে।…

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ নর্দার্ন ব্রিজে রুশ হামলার পর যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর এক দিন আগেই রুশ ড্রোন হামলায় সাউদার্ন ব্রিজ বন্ধ করা হয়েছিল। ফলে দুই দিনের মধ্যে কিয়েভের আটটি ডিনিপ্রো নদী পারাপারের সেতুর দুটি অচল হয়ে পড়েছে।

শনিবার রাজধানীতে ড্রোন হামলার সতর্কতা জারির পর নর্দার্ন ব্রিজে হামলার খবর জানান কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো। তিনি বলেন, জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

পরে ক্লিৎসকো জানান, হামলায় সেতুর সড়কের কিছু অংশ এবং ট্রলিবাস চলাচলের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম তীর থেকে ডান তীরে সেতু দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ডিনিপ্রো নদী কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে আলাদা করেছে। শহরের দুই অংশের মধ্যে যোগাযোগের জন্য মোট আটটি সেতু রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের হামলায় এসব সেতুর ওপর চাপ বাড়ছে। শহরটির কর্মকর্তারা বলছেন, রুশ হামলা কিয়েভের যোগাযোগব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এর আগে শুক্রবার দ্রুতগতির জেটচালিত ড্রোনের কয়েক দফা হামলার পর সাউদার্ন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকেই সেতুটিতে কয়েকবার হামলা হয়েছে। আরেকটি সেতুতেও যান চলাচল সীমিত করা হয়েছে।

সেতুগুলো বন্ধ হয়ে যাওয়ায় কিয়েভে তীব্র যানজট তৈরি হয়েছে। বিকল্প পথ খুঁজতে গিয়ে বিভিন্ন সড়কে গাড়ি ও বাসের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে কিছু পথ হেঁটে যেতে হয়েছে।

শুক্রবার মেয়র ক্লিৎসকো সতর্ক করে বলেন, কিয়েভকে এখন যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর যুদ্ধের মূল লড়াই এতদিন ইউক্রেনের পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত ছিল। এ কারণে সামনের সারির এলাকাগুলোর তুলনায় কিয়েভে তুলনামূলক কম ধ্বংসযজ্ঞ দেখা গেছে।

সূত্র: ইউরোনিউজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন