সড়কের পাশে অপেক্ষারত ৫ বাসযাত্রীকে লরির চাপা, নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় বাসযাত্রীদের ওপর লরি উঠে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি বাস কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট থেকে ১০০ গজ উত্তরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। চালক বাসটি সড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন জানান, ঘটনাস্থলে নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৪৫, ৪২ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী (২৫) ও একটি শিশু (৭) রয়েছে।
পুলিশ কর্মকর্তা আবদুল মতিন আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং ঘটনাস্থলে মারা যাওয়া তিনজনের মরদেহ বার আউলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।