ঠাকুরগাঁওয়ে ওজনে বিক্রি হচ্ছে রান্না করা মাংস
চাহিদা অনুযায়ী ২৫০ গ্রাম থেকে শুরু করে যেকোনো পরিমাণে মাংস কিনতে পারছেন ক্রেতারা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি · ঠাকুরগাঁও
প্রকাশ:
ঠাকুরগাঁও শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে প্রতি শুক্রবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মো. ফারুক হোসেন। তাঁর এই উদ্যোগের নাম ‘হান্ডিবাড়ি’। এখানে ক্রেতারা তাঁদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী রান্না করা গরুর মাংস কিনতে পারছেন। এক কেজি বা দুই কেজির পাশাপাশি মাত্র ২৫০ গ্রাম মাংস কেনারও সুযোগ রয়েছে, যা ক্রেতাদের জন্য বেশ সুবিধাজনক।
বিজ্ঞাপন
গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দুড়ামাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, রেশম কারখানার সামনে রঙিন শামিয়ানা টাঙানো হয়েছে। এক পাশে বড় হাঁড়িতে চলছে মাংস রান্না এবং অন্য পাশে টেবিলে সাজানো রয়েছে প্লাস্টিকের বাটি। সকাল নয়টার দিকে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। ফারুক হোসেন ডিজিটাল ওজনযন্ত্রে মেপে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাংস সরবরাহ করছেন। এখানে প্রতি কেজি রান্না করা গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। পানি ব্যবহার না করে শর্ষের তেলে মাটির চুলায় এই মাংস রান্না করা হয়।
মাংসের স্বাদের বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম বলেন, “দেশের বিভিন্ন বাজারে কাঁচা গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে ৮৫০ টাকায় রান্না করা মাংস পাওয়া যাচ্ছে। আগে দাম ছিল ৮০০ টাকা। তবে এখন জিনিসপত্রের দামও বেড়েছে। ফারুকের রান্নার বেশ সুনাম রয়েছে।” তিনি নিজেও এখান থেকে দুই কেজি মাংস কিনেছেন।
অন্য ক্রেতা আহসান হাবিব জানান, বাজার থেকে ৭৫০ টাকায় এক কেজি কাঁচা মাংস কিনলে তেল-মসলা ও সময়সহ বাড়তি খরচ হয়। তাঁর মতে, ৮৫০ টাকায় রান্না করা মাংস পাওয়া বেশ সাশ্রয়ী। জাকির হোসেন নামের আরেক ক্রেতা তাঁর বোনের আবদার মেটাতে দুই কেজি মাংস কিনেছেন। তিনি বলেন, “হান্ডিবাড়ির মাংসের স্বাদ ভালো, দামও তুলনামূলক সাশ্রয়ী।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে মাংস কিনতে এসেছেন রাকিব হাসান। তাঁর ভাষ্য, ফেসবুকে ভিডিওটির বেশ ভালো সাড়া দেখেছেন। তাই সকাল সকাল এসে মাংস কিনেছেন। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য দুই কেজি মাংস কিনেছেন গৃহিণী আসমা আক্তার। তিনি জানান, মেহমান এলে মাংস রান্নার ঝামেলা এড়াতে তিনি এখানে এসেছেন এবং কেনার আগে মাংসের স্বাদ নিয়ে তিনি সন্তুষ্ট।
বিজ্ঞাপন
ছাত্রাবাসে থাকা হাসিবুল হাসান বন্ধুকে আপ্যায়নের জন্য মাত্র ২৫০ গ্রাম মাংস কিনেছেন। তিনি বলেন, সাধারণ দোকানে অল্প পরিমাণে মাংস কিনতে অনেক সময় অনীহা দেখানো হয়, কিন্তু এখানে যে যতটুকু চাইছেন, তাঁকে ততটুকুই দেওয়া হচ্ছে।
নিজের উদ্যোগের বিষয়ে ফারুক হোসেন জানান, তিনি আগে থেকেই হোটেল ও অনুষ্ঠানে মাংস সরবরাহ করেন। শৈশবে অভাবের কারণে গরুর মাংস কিনে খেতে না পারার কষ্ট তিনি অনুভব করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এমন পরিকল্পনা করেন, যাতে দিনমজুর থেকে শুরু করে সামর্থ্যবান—সবাই মাংস খেতে পারেন। তিনি বলেন, “চার সপ্তাহ আগে ৪০ কেজি মাংস রান্না করে বিক্রি শুরু করেন। প্রথম দিন মাত্র তিন ঘণ্টার মধ্যে সব মাংস বিক্রি হয়ে যায়। ক্রেতাদের সাড়া দেখে দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি এবং তৃতীয় সপ্তাহে ৮০ কেজি মাংস রান্না করেন। গত শুক্রবার বিক্রি হয়েছে আড়াই মণ। আর এবার রান্না করেছেন প্রায় তিন মণ।”
প্রতি সপ্তাহে দেখেশুনে একটি দেশি গরু কিনে দোকানের সামনে বেঁধে রাখা হয় এবং পরে জবাই করে বড় হান্ডিতে মাংস রান্না করেন ফারুক। লাভের বিষয়ে তাঁর বক্তব্য, কাঁচা মাংসের দামই কেজি প্রায় ৭৫০ টাকা, তাই ৮৫০ টাকায় বিক্রি করে খুব বেশি লাভ থাকে না। তবে ক্রেতাদের প্রশংসা তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।