ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্তুষ্ট ইসি
ভোট গ্রহণ শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি · ঠাকুরগাঁও
প্রকাশ:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়ার হার প্রসঙ্গে তিনি বলেন, বেলা দুইটা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে, তবে বিকেল চারটা পর্যন্ত এই হার আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে প্রকৃত হার জানা যাবে এবং ফলাফল পাওয়ার পর তা গণমাধ্যমকে অবহিত করা হবে।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে এমন কোনো খবর নেই, যেটা আমাদের উদ্বিগ্ন করতে পারে। কাজেই আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় একটা ভালো নির্বাচন সম্পন্ন করলাম।’ নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ আছে কি?’
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮। এই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে।