রাজধানীতে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী চলছে
তিন দিনব্যাপী এই আয়োজনে টয়োটা প্রিয়াস, করোলা ক্রসসহ বিভিন্ন জনপ্রিয় মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এই প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জনপ্রিয় ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি স্থান পেয়েছে। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই কার্যক্রমের সূচনা হয়, যা আগামী শনিবার শেষ হবে।
বিজ্ঞাপন
প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা বিভিন্ন গাড়ির প্রযুক্তি, বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা সরাসরি দেখার পাশাপাশি দামের তুলনা করার সুযোগ পাচ্ছেন। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি থাকায় ক্রেতারা তাদের পছন্দ ও বাজেট অনুযায়ী গাড়ি নির্বাচন করতে পারছেন। আয়োজকদের তথ্যমতে, প্রদর্শনীতে আগতদের জন্য শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক। সভায় বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডন এবং সাবেক মহাসচিব মাহাবুল হক চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।
সভায় বারভিডার নেতারা রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান জানান। তারা আরও বলেন, '৬৬০ সিসির জাপানি কে কার নামে পরিচিত ছোট আকৃতির কার আমদানিতে সুবিধা দেওয়া হলে শহরের জঞ্জাল নামে পরিচিত ব্যাটারিচালিত রিকশার ভয়াবহতা থেকে নগরকে মুক্তি দেওয়া সম্ভব হবে।'