সেন্ট গ্রেগরিজ হাইস্কুলের ১৪৪ বছরের ইতিহাস নিয়ে জাদুঘর
আগামী ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে 'গ্রেগরিয়ান মিউজিয়াম'
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এখন এক ছাদের নিচে সংরক্ষিত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দ্য গ্রেগরিয়ান সোসাইটি’র যৌথ উদ্যোগে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ নামের এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। আগামী ২০ নভেম্বর জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকেরা। তাঁরা জানান, বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অবস্থিত এই জাদুঘরটি শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ব্রিটিশ ভারতে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসের সঙ্গে জড়িত বিভিন্ন ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, প্রত্নসামগ্রী ও গুরুত্বপূর্ণ নিদর্শন এখানে স্থান পেয়েছে।
সংবাদ সম্মেলনে দ্য গ্রেগরিয়ান সোসাইটির সভাপতি ইউসুফ রহমান বলেন, দীর্ঘ পথচলায় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বহু ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যাঁরা এ দেশের মানুষের কল্যাণে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁদের নানা স্মৃতি এই জাদুঘরে স্থান পাবে। জাদুঘরে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে নয়, বরং স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি স্থান দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড রিবেইরো জাদুঘর তৈরির এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমাদের এখন বড় দায়িত্ব হলো জাদুঘরে থাকা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির স্মৃতি কীভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেই চেষ্টা করা।’ তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা যখন ঐতিহাসিক স্মৃতিগুলো দেখবে, তখন তারা সেই ঐতিহাসিক মানুষদেরও অনুভব করতে পারবে।
মিউজিয়াম ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন কমিটির তত্ত্বাবধানে জাদুঘরটির নকশা ও বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর প্রতীকী ইট স্থাপনের মাধ্যমে এর নির্মাণকাজ শুরু হয় এবং ২৮ ডিসেম্বর জায়গাটি প্রস্তুত করা হয়। একই সময়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল জাদুঘরে প্রদর্শনের জন্য ঐতিহাসিক নিদর্শন ও দলিল সংগ্রহের কাজ শুরু করে। আয়োজকদের মতে, এটি কেবল নিদর্শন সংরক্ষণের স্থান নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা বিদ্যালয়ের ঐতিহ্যের এক স্থায়ী স্মারক।