আন্তর্জাতিক সংগীতজোটে হামিন আহমেদ
এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের নির্বাহী কমিটিতে যুক্ত হলেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। তিনি বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটিতে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, কোরিয়া, জাপান ও ভারতের সংগীত সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। মোট ১১ সদস্যের এই কমিটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গীতিকার, সুরকার ও সংগীতস্রষ্টাদের অধিকার সুরক্ষায় কাজ করে থাকে।
বিজ্ঞাপন
সোমবার দুপুরে হামিন আহমেদ বলেন, ‘নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে স্বীকৃতি পেলাম, তা বাংলাদেশের জন্যও প্রথম স্বীকৃতি। বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে এসেছে, যেখানে এ ধরনের একটি আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। আমার মনে হয়, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের বিভিন্ন কার্যক্রমে এখন বাংলাদেশ ও বাংলাদেশের সংগীতস্রষ্টারা যুক্ত হতে পারবেন। এই সংযুক্তি, তথ্য বিনিময় ও সহযোগিতা বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য অবশ্যই ইতিবাচক হবে। আমি খুবই আনন্দিত। আশা করি, নিজের ভূমিকা যথাযথভাবে পালন করতে পারব।’
২০১৬ সালের নভেম্বরে চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড ক্রিয়েটরস ফোরামে যাত্রা শুরু করা এই সংগঠনটি ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিক ক্রিয়েটরস (সিআইএএম) এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব সোসাইটিজ অব অথরস অ্যান্ড কম্পোজারস (সিস্যাক)-এর সঙ্গে যুক্ত। এই জোটে যুক্ত হওয়ার সুফল সম্পর্কে হামিন আহমেদ জানান, বিএলসিপিএসের মাধ্যমে মেধাস্বত্ব সুরক্ষা ও রয়্যালটি আদায়ের ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন দেশের সংগীতস্রষ্টাদের মধ্যে যোগাযোগ ও তথ্য বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা মেধাস্বত্ব ও রয়্যালটি নিয়ে কাজ করা সংস্থাগুলোর কাছে বাংলাদেশের পরিচিতি ও সম্পৃক্ততা বাড়াবে।