তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় জয়
রাজধানী তাইপের মেয়র পদে হেরেছে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থীরা আগের চেয়ে দ্বিগুণ শহর ও এলাকায় জয়লাভ করেছেন। তবে রাজধানী তাইপের মেয়র পদে ডিপিপি প্রার্থী পরাজিত হয়েছেন। এবারের নির্বাচনী প্রচারণায় চীন ইস্যুর চেয়ে নিরাপদ পানি ও স্কুলের খাবারের মতো স্থানীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে।
বিজ্ঞাপন
ভোটের আগে বেইজিংয়ের পক্ষ থেকে তাইপের ডিপিপি প্রার্থী পুমা শেনকে বারবার আক্রমণ করা হয়েছে। চীন আগে থেকেই তাঁর ওপর ‘বিচ্ছিন্নতাবাদের’ অভিযোগে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এছাড়াও নির্বাচনের আগে গত শুক্রবার তাইওয়ানের আশপাশের আকাশ ও সমুদ্রে কয়েক ডজন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠিয়েছিল চীন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর রোববার বেইজিং আবারও সতর্কবার্তা দিয়ে বলেছে, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের এক হওয়া অনিবার্য এবং এটি কেউ আটকাতে পারবে না। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘তাইওয়ানের সাধারণ মানুষ শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা চায়। তাই তাইওয়ানের রাজনীতিতে যতই বদল আসুক, দুই পক্ষের সম্পর্কের গতিপথ বদলাবে না। মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের এক হওয়া অনিবার্য। কেউ এটি ঠেকাতে পারবে না।’
চীনের ওই দপ্তর হুমকি দিয়ে বলেছে, তারা তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোরভাবে দমন করবে এবং যেকোনো ধরনের বাইরের হস্তক্ষেপ রুখে দেবে। এর জবাবে তাইওয়ান সরকার জানিয়েছে, চীনের উচিত তাইওয়ানের গণতন্ত্র ও জনগণের রায়কে সম্মান জানিয়ে বাস্তবতা মেনে নেওয়া। দেশটির চীন-বিষয়ক নীতিনির্ধারণী সংস্থা ‘মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল’ বলেছে, বেইজিংয়ের উচিত কোনো শর্ত ছাড়াই সমান মর্যাদার ভিত্তিতে তাইওয়ানের নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনায় বসা।
তবে চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে বলেছে, তারা লাই চিং–তের সঙ্গে কোনো ধরণের আলোচনায় বসতে রাজি নয়। প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আগামী ২০২৮ সালের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাইপের মেয়র পদে বড় ব্যবধানে জয় পাওয়া কুওমিনতাং (কেএমটি) নেতা চিয়াং ওয়ান-আনকে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা হলেও তিনি জানিয়েছেন, আগামী চার বছর তিনি তাইপের মেয়র হিসেবেই দায়িত্ব পালন করবেন।