স্পেনে রেকর্ড ভোট, এগিয়ে ডানপন্থীরা, ক্ষমতা হারানোর শঙ্কায় সানচেজ
ক্ষমতা হারানোর শঙ্কায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ঝুলন্ত পার্লামেন্টের আভাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
স্পেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রেকর্ড ৭৯ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৭০-এর দশকের শেষ ভাগের পর সর্বোচ্চ। স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে নির্ধারিত সময়ের আট মাস আগেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সর্বশেষ নির্বাচনে ভোটের হার ছিল ৬৬ দশমিক ৬ শতাংশ।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় রাত তিনটার দিকে ৫০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ডানপন্থী দল পিপলস পার্টি (পিপি) ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) পেয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ এবং অতি ডানপন্থী ভক্স পার্টি ১৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে পিপি ১৩৩টি এবং ভক্স পার্টি ৪৮টি আসনে জয় পেতে পারে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) ১১৪টি আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেনের পার্লামেন্টে মোট ৩৫০টি আসন রয়েছে এবং সরকার গঠনের জন্য ১৭৬টি আসনের প্রয়োজন হয়, যা কোনো দলেরই এককভাবে পাওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ভোটে হেরে সানচেজ সরকারের পতন হলে রক্ষণশীল পিপি দল অতি ডানপন্থী ও অভিবাসনবিরোধী ভক্স পার্টির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করতে পারে। ২০১৮ সালের জুন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা পেদ্রো সানচেজের ক্ষমতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। পিপি সরকার গঠন করতে পারলে ফ্রাঙ্কোর একনায়কত্বের (১৯৩৯ থেকে ১৯৭৫ সাল) পর স্পেনে প্রথমবারের মতো অতি ডানপন্থীরা ক্ষমতায় আসবে।