টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২২ নভেম্বর ৮ হাজার ২৬ জনকে আসামি করে এই মামলাটি করা হয় এবং বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
মামলার এজাহারে ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল থানায় ঢুকে পুলিশ সদস্যদের গুরুতর জখম করে। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় এবং সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, ছাত্রলীগের উপজেলা সভাপতি শামচুল হক ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ মোট ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও আট হাজার জনকে আসামি করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১টি এলএমজি (১০০ গুলি), ৮টি চায়না রাইফেল (২৮১ গুলি), ১১টি শটগান (৬৬৯ রাবার কার্তুজ), ২টি গ্যাসগান (২৮ গ্যাস সেল), ৮টি ৯ এমএম পিস্তল (২২ ম্যাগাজিন ও ১৯৮ গুলি), একটি ৭.৬২ পিস্তল (৪ ম্যাগাজিন ও ২৬ গুলি) এবং ৩টি এসএমজি (৬ ম্যাগাজিন ও ১৫০ গুলি)। এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা এবং সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই। বর্তমানে টুঙ্গিপাড়া থানার কার্যক্রম সীমিত আকারে ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনে পরিচালনা করা হচ্ছে।