জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বুধবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’—জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আয়োজনে ঢাকার পাশাপাশি সারা দেশে কর্মরত প্রথম আলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের বিভিন্ন বিষয়, নতুন ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মূল পত্রিকার সঙ্গে ‘সময়ের চালচিত্র’ শীর্ষক ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগামী ৬, ৮ ও ১০ নভেম্বর আরও তিনটি ক্রোড়পত্র প্রকাশিত হবে। এসব ক্রোড়পত্রে রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক, দেশের মানুষ ও সমাজের নানা দিক, নতুন প্রজন্মের ভাবনা এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হবে।
১৯৯৮ সালের ৪ নভেম্বর ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ স্লোগান নিয়ে পত্রিকাটির যাত্রা শুরু হয়। ১২ পৃষ্ঠার রঙিন কাগজ, বস্তুনিষ্ঠতা, দলনিরপেক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে পত্রিকাটি দ্রুত পাঠকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। প্রতিকূলতা পেরিয়ে এটি বর্তমানে একটি ডিজিটাল প্ল্যাটফর্মেও রূপান্তরিত হয়েছে। ওয়ান-ইফরা ও ইনমার মতো আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতিসহ এশিয়া ও বিশ্বসেরার পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।