সাভারে বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টা ধাওয়া, পুলিশের গাড়ি দাহ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে হেমায়েতপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা জেলা প্রতিনিধি · সাভার, ঢাকা
প্রকাশ:
ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার সকালে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় পুলিশের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় ৩০-৪০ হাজার শ্রমিক দুই পাশ থেকে জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি আরও বলেন, 'এসময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের হামলায় ওসি গুরুতর আহত হন।'