কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ার ব্যাংকে নতুন তিন পরিচালক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ এবং প্রিমিয়ার ব্যাংকে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তাঁরা এই পদত্যাগ করেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদকে কমার্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
বিজ্ঞাপন
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর কেন্দ্রীয় ব্যাংক কমার্স ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছিল। সে সময় মো. আতাউর রহমানকে চেয়ারম্যান ও মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে তাঁদের সম্পৃক্ততা পাওয়ার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে এই অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই দিনে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে নতুন করে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ। ২০২৪ সালের আগস্ট মাসের পর প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী, তাঁকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে পদত্যাগ করে প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।