সরকারের অপরিপক্ব সিদ্ধান্তে শ্রমিক আন্দোলন: জাতীয় শ্রমিক শক্তি
আগামী তিন দিনের মধ্যে মজুরি নির্ধারণের দাবি জানাল সংগঠনটি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করার দাবি জানানো হয়। এছাড়া আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে তারা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, 'সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে, শ্রমিকেরা এটা মানছেন না। সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে।' তিনি আরও বলেন, শিল্প রক্ষায় বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখেই শ্রমিকের মজুরি বাড়াতে হবে।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, 'আগে থেকেই আমরা মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছি। অথচ এই কাজে শ্রমমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আমরা ব্যর্থ শ্রমমন্ত্রীর পদত্যাগ চাই। আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করতে হবে।' সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ এ সময় প্রশাসনের উদ্দেশে বলেন, 'প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ, আপনারা শ্রমিকদের আন্দোলনে হামলা করবেন না। আমরা আওয়ামী আমলের পুলিশ দেখতে চাই না।'
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমন–পীড়ন অব্যাহত থাকলে সাধারণ শ্রমিকদের এই আন্দোলন আরও বৃহত্তর ও ভিন্ন রূপ নিতে পারে বলে তারা সতর্ক করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত সহনশীল ভূমিকা পালন ও বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।