সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রকল্পের পার্টনার সেনোরা
নারী ফুটবলারদের জন্য ৩৪ হাজার স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রকল্পের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা। এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের অংশ হিসেবে গত রোববার সাফ সেক্রেটারিয়েটে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম এবং সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় আগামী এক বছরে সাফের সাতটি সদস্য দেশের নারী ফুটবলারদের জন্য মোট ৩৪ হাজার স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সেনোরা।
সংশ্লিষ্টরা জানান, নারী ফুটবলারদের মাসিককালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমও যৌথভাবে পরিচালনা করা হবে। ‘প্লে অন পিরিয়ড, প্লে উইথ কনফিডেন্স’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মাসিকজনিত সামাজিক সংকোচ ও প্রয়োজনীয় সুবিধার অভাবে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করা।