শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত কোনো শর্ত দিলে তা বিবেচনা করবে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে নয়াদিল্লি যদি এ বিষয়ে কোনো শর্ত দেয়, তবে বাংলাদেশ তা বিবেচনা করবে বলে জানান প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত দুটি শর্তের আভাস দিয়েছে। এর একটি হলো, যেহেতু শেখ হাসিনা সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়, তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং জুলাই গণহত্যার অভিযোগে বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে। তবে বিবিসি বাংলার ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল কোনো মন্তব্য করেননি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি রেসপন্স করে, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়।’ এ সময় তিনি শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক কেবল একটি বিষয়ের ওপর সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের সূচনা এবং অনেক অমীমাংসিত ইস্যু কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়া আওয়ামী লীগ অতীতে ও বর্তমানে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য এসেছে। সচিব পর্যায়ে এই সংলাপ হওয়া প্রয়োজন বিধায় দুই পক্ষই এটি কিছুদিন পরে আয়োজনের বিষয়ে একমত হয়েছে।