ইরান ও দেশটির সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি দেশটির নাগরিকদের বড় একটি অংশ অসন্তুষ্ট। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের (এপি-এনওআরসি) এক নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মার্কিনি ইরান বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ড অনুমোদন করেননি। অন্যদিকে ৬৯ শতাংশ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে ইরান যুদ্ধ ও এর অর্থনৈতিক প্রভাব দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
জরিপ অনুযায়ী, ৬৫ শতাংশ মার্কিনি দেশে স্বাভাবিকের তুলনায় বেশি মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন। অর্থাৎ ইরান যুদ্ধের পাশাপাশি দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার বিষয়টি এরই মধ্যে মার্কিন কংগ্রেসে আলোচনায় এসেছে। যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিনিধি পরিষদে জুন মাসে একটি প্রস্তাব পাস হয়। সেপ্টেম্বর মাসে সিনেটেও এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হলেও তা অল্প ব্যবধানে আটকে যায়।
মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের কোনো একটি কক্ষের নিয়ন্ত্রণে পরিবর্তন এলে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্টের নীতির ওপর আইনপ্রণেতাদের নজরদারি আরও বাড়তে পারে। পাশাপাশি সামরিক অনুমোদন ও যুদ্ধের অর্থায়ন নিয়েও কংগ্রেসে নতুন করে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হতে পারে।
জরিপের ফলাফল এমন সময়ে প্রকাশিত হলো, যখন ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
সূত্র: আল জাজিরা








মন্তব্য