খুলনায় যুবদলের সাবেক নেতাকে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়
আহত সোহেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
খুলনা জেলা প্রতিনিধি · বটিয়াঘাটা, খুলনা
প্রকাশ:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে সোহেল শেখ (৩৪) নামের যুবদলের এক সাবেক নেতা আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে। আহত সোহেল শেখ ওই এলাকার গনি শেখের ছেলে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় সোহেলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পিস্তল দিয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, তবে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, সোহেল শেখের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, মাদকদ্রব্য ও মারামারি সংক্রান্ত সাতটি মামলার তথ্য রয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর খুলনার তেরখাদা উপজেলায় রামিম বিশ্বাস (৩২) নামের আরেক যুবদল নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছিলেন। পুলিশি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে জেলায় ৭১ জনকে গুলি, কুপিয়ে বা অন্য উপায়ে হত্যা করা হয়েছে এবং এসব ঘটনায় ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।