ঢাকায় শুরু আইএইউপির সেমি-অ্যানুয়াল সম্মেলন
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো উচ্চশিক্ষা নেতৃত্বের এই বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
শিক্ষা ডেস্ক · সাভার, ঢাকা
প্রকাশ:
বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়প্রধানদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঢাকা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো উচ্চশিক্ষা নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্মেলনটি আয়োজিত হচ্ছে।
বিজ্ঞাপন
আয়োজক প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সংযোগ স্থাপন ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া। এ ছাড়া আইএইউপির প্রেসিডেন্ট শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক মুস্তাফা আইদিন এবং ডিআইইউর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিভিন্ন দেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর এবং উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারকদের সমন্বয়ে দুই শতাধিক অতিথি অংশগ্রহণ করেছেন। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে আমাদের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘আজকের এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে, যা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
বিজ্ঞাপন
ডিআইইউর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চাই আমরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকেরা সরাসরি পান, সেটিই আমাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।’
সম্মেলনের বিভিন্ন পর্ব ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, বনানীর শেরাটন এবং সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে ডিআইইউর শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন এবং গবেষণার প্রয়োগ তুলে ধরা হয়েছে। এছাড়া ‘ঐতিহ্যের হাট’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলার সংস্কৃতি ও বৈচিত্র্য আন্তর্জাতিক অতিথিদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আগামী শনিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক প্রতিনিধিরা সাভারের বিরুলিয়ায় ডিআইইউর স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন।