ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি ও অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক ও অভিনেতা আরিফ মাহমুদ রয়েছেন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মোট ১২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন), সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল রয়েছেন। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ১০৯ জনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশের অভিযোগ, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সমবেত হয়েছিলেন। ডিএমপির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত। বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলা, নিয়মিত মামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় অনেকে অভিযুক্ত বলে জানায় পুলিশ।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০৮ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও ১৭ নভেম্বরকে কেন্দ্র করে দেওয়া বিভিন্ন কর্মসূচির আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের স্থাপনায় হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।