অপু বিশ্বাসের সঙ্গে ‘দ্বিতীয় ইনিংস’ শুরুর কথা জানালেন আদনান আজাদ
১৮ বছর আগে ‘পাষাণের প্রেম’ সিনেমায় অপুর সঙ্গেই আদনানের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে জানিয়েছেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে বেশ আলোচনা চলছে। বৃহস্পতিবার আদনানের সঙ্গে রোমান্টিক আবহের বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন অপু।
বিজ্ঞাপন
ছবি পোস্ট করে অপু লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’
একই ধরনের ছবি প্রকাশ করেন আদনানও। পোস্টে তিনি অপুকে ‘প্রফেসর’ সম্বোধন করে লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’
ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে আদনানকে চিনতে পারেননি। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুরোনো জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কি না।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সেই সম্ভাবনা মাথায় রেখেই ফটোশুটটি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’
বিজ্ঞাপন
১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান। এই সিনেমার মাধ্যমেই আদনানের চলচ্চিত্রে অভিষেক হয়। অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়।
বগুড়া থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।