খরচ নিয়ে খোলাখুলি আলোচনায় অভ্যস্ত জেন-জি
বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে খরচের বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনার প্রবণতা বাড়ছে তরুণদের মাঝে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বন্ধুত্ব কিংবা প্রেমের সম্পর্কে খরচ নিয়ে আর কোনো সংকোচ নেই। নিজের সামর্থ্য অনুযায়ী খরচের পরিকল্পনা করা এবং এ বিষয়ে খোলাখুলি আলোচনার প্রবণতা এখন জেন-জি প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে খেতে যাওয়ার মতো আয়োজনে কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে অনেক সময় অস্বস্তি তৈরি হয়। দামি রেস্তোরাঁয় যাওয়ার ক্ষেত্রে নিজের বাজেটের কথা বলতে অনেকে সংকোচ বোধ করেন, আবার সম্পর্কের ক্ষেত্রে উপহার ও ঘোরাঘুরি নিয়ে নানা প্রত্যাশা থাকে। জেন-জি প্রজন্ম এই ধারায় পরিবর্তন আনছে, তারা খরচের বিষয়ে রাখঢাক না করে সরাসরি কথা বলছে, যাকে বলা হচ্ছে ‘লাউড বাজেটিং’ বা উচ্চকণ্ঠ বাজেট পরিকল্পনা।
বিজ্ঞাপন
‘লাউড বাজেটিং’ বলতে বোঝায় নিজের আর্থিক সীমাবদ্ধতা বা খরচের পরিকল্পনা অন্যদের কাছে স্পষ্ট করে জানানো। উদাহরণস্বরূপ, বন্ধুরা কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করলে কেউ সহজেই বলতে পারেন, ‘এ মাসে আমার বাজেট কম, তাই বেশি খরচ করতে পারব না।’ আবার দামি কোনো অনুষ্ঠানের পরিবর্তে সাশ্রয়ী কোনো স্থানে দেখা করার প্রস্তাবও দিচ্ছেন অনেকে। এই প্রবণতার মূল উদ্দেশ্য কেবল টাকা বাঁচানো নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। অন্যদের খুশি করতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করার চাপ থেকে বেরিয়ে আসাই এর লক্ষ্য।
বন্ধুদের সঙ্গে খরচের হিসাব নিয়ে খোলামেলা আলোচনার ফলে অস্বস্তি কমে আসে। আগে থেকে নিজের বাজেট জানিয়ে দিলে বন্ধুরাও সে অনুযায়ী পরিকল্পনা করতে পারেন, যেমন দামি রেস্তোরাঁর বদলে কম খরচের ক্যাফে বেছে নেওয়া অথবা বাড়িতে একসঙ্গে রান্না করে সময় কাটানো। এতে কারও আর্থিক অবস্থাকে ছোট করে না দেখে সবার অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।
ব্যাংক অব আমেরিকার ২০২৬ সালের ‘বেটার মানি হ্যাবিটস’ সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন-জির ৪২ শতাংশ বন্ধুদের কাছে সামাজিক আয়োজনে কোন খরচ বহন করতে পারবেন আর কোনটি পারবেন না, তা খোলাখুলিভাবে জানান। একই সমীক্ষায় ৬০ শতাংশ তরুণ জানিয়েছেন, তাঁরা বন্ধুদের সঙ্গে অর্থ নিয়ে আলোচনা করেন। এছাড়া ৭৫ শতাংশ সামাজিক আয়োজনে খরচ কমানোর উপায় খোঁজেন।
সমীক্ষাটি যুক্তরাষ্ট্রের ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের ওপর চালানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও লাউড বাজেটিংয়ের চর্চা নিজের আর্থিক অবস্থার কথা সঙ্গীকে জানাতে উৎসাহ দেয়। দামি উপহার বা রেস্তোরাঁর বদলে দুজনের সামর্থ্যের মধ্যে থাকা আয়োজন বেছে নিলে সম্পর্কের আনন্দ বজায় থাকে এবং খরচের চাপ কমে। ব্যাংক অব আমেরিকার একই সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন-জির ৫১ শতাংশ মাসে প্রেমের ডেটে কোনো অর্থই খরচ করেন না। এছাড়া ২৪ শতাংশ জানিয়েছেন, আর্থিক পরিস্থিতির কারণে তাঁরা সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। সমীক্ষায় আরও দেখা গেছে, ৭৪ শতাংশ তরুণ সঙ্গীর মধ্যে আর্থিক দায়িত্বশীলতাকে গুরুত্বপূর্ণ মনে করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের ঘোরাঘুরি বা দামি কেনাকাটার ছবি দেখে অনেকে একই রকম জীবনযাপনের আকাঙ্ক্ষা করেন, যা অনেক সময় নিজের আয় ও প্রয়োজনের বাইরে খরচের কারণ হয়। লাউড বাজেটিং এই তুলনা থেকে বেরিয়ে আসার একটি উপায়। তবে নিজের বাজেট জানানো মানেই প্রতিটি খরচের হিসাব অন্যদের কাছে প্রকাশ করা নয়; ব্যক্তিগত আর্থিক তথ্য কতটা ভাগ করবেন, তা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। বরং প্রয়োজন অনুযায়ী নিজের সীমা জানানো এবং অন্যের সীমাবদ্ধতাকে সম্মান করাই এই অভ্যাসের মূল কথা। সবাইকে খুশি করতে গিয়ে নিজের আর্থিক স্বস্তি বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুত্ব কিংবা প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে দামি আয়োজনের চেয়ে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বেশি গুরুত্বপূর্ণ, আর সামর্থ্যের কথা স্পষ্ট করে বলাই দায়িত্বশীলতার পরিচয়।