লালমনিরহাটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা।
লালমনিরহাট জেলা প্রতিনিধি · লালমনিরহাট
প্রকাশ:
১২ নভেম্বর লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালমনিরহাট বন্ধুসভার আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্রের ভূমিকা ও প্রথম আলোর পথচলা নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন্নবী, লালমনিরহাট সরকারি মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায় এবং লালমনিরহাট আর্দশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আয়নাল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার এবং স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, নাট্যসংগঠক মাখন লাল দাস ও সাপ্তাহিক আলোর মণি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার উপদেষ্টা রক্তিম মিলন।
সাংস্কৃতিক পর্বে বিটিভির নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (সাধারণ নৃত্য) ঐশ্বর্য জিতা স্পর্শের নৃত্য পরিবেশনা এবং নতুন কুঁড়ি ২০২৫–এ নজরুলসংগীতে সেরা দশে স্থান পাওয়া তিতিয়া রায়ের সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে লালমনিরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, সাবেক সভাপতি সাহেবর হোসেন ও শেখ মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।