সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি
নিজস্ব প্রতিবেদক · লালমনিরহাট
প্রকাশ:
দেশে চলমান সহিংসতা, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি বলেন, "এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।"
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না, বরং তারা নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।"
সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।" এছাড়া দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করেন, ১৬ বছর ধরে যারা বন্দুকের জোরে ক্ষমতায় ছিল, তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, "যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।"