বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির ভারতে চিকিৎসা চলছে, আশঙ্কামুক্ত জানাল বিজিবি
ভারতের হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি · জীবননগর, চুয়াডাঙ্গা
প্রকাশ:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যার পর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন।
বিজ্ঞাপন
বর্তমানে মনিরুল ইসলাম পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন আছেন। তাঁর পায়ে গুলি ও পিঠে আঘাত লেগেছে। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব রোববার সকালে জানান, মনিরুল এখন আশঙ্কামুক্ত। সুস্থ হওয়ার পর তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হবে।
ঘটনা সম্পর্কে মেজর তোয়াসীন হাবিব বলেন, শনিবার রাতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সাতজন বাংলাদেশি চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। বিএসএফ সদস্যরা বাধা দিলে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন, যার পরিপ্রেক্ষিতে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ মনিরুলকে ফেলে তাঁর সঙ্গীরা পালিয়ে যান।
ভারতের সংবাদমাধ্যমের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যায় সাতজন ব্যক্তি ডিঙিনৌকায় করে সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছালে বিএসএফ বাধা দেয়। নির্দেশ অমান্য করে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে এবং পিঠে রাবার বুলেটের আঘাত লাগে। ঘটনাস্থল থেকে বিএসএফ তিন কেজি সোনা উদ্ধার করেছে বলে জানা গেছে।