জামালপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয়
শহরের ব্যস্ততম ওভারপাসের ওপর থাকা লাল টেপে মোড়ানো বস্তুটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে
জামালপুর জেলা প্রতিনিধি · জামালপুর
প্রকাশ:
জামালপুর শহরের ব্যস্ততম রেলওয়ে ওভারপাসের ওপর লাল টেপে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাত আটটার দিকে একজন পথচারী বস্তুটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার খাতিরে পুলিশ ওই এলাকায় বেষ্টনী তৈরি করে এবং ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এরপর ওভারপাসে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বস্তুটির গায়ে লাল টেপ প্যাঁচানো ছিল এবং তারের সঙ্গে ‘বিপজ্জনক’ কথাটি লেখা ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, ‘জামালপুরের মানুষ ও প্রশাসন আতঙ্কের মধ্যে ছিল। বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। গত কয়েক দিন সারা দেশে রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি করতে পতিত ফ্যাসিবাদের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মনে করি, এই বোমাসদৃশ বস্তু সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বোমাসদৃশ বস্তুটি কে বা কারা সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশের একাধিক দল এ বিষয়ে তদন্ত করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।