আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ
জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।
বিজ্ঞাপন
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি এই হামলায় অংশ নেন। ঘটনার সময় দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হলে তিন-চারজন আহত হন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের ভবনের মালিক ‘ভাড়াটে সন্ত্রাসী’ দিয়ে এই হামলা করিয়েছেন। এছাড়া হামলার পর মামলা না করতে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
জহিরুল ইসলাম আরও জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে।