আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার পর্যবেক্ষণ করছেন আইপিইউ প্রতিনিধিদল
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় ২২ জন আসামি রয়েছেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ পর্যবেক্ষণ করছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) কর্তৃক নিযুক্ত প্রতিনিধি হেলেন মাসিন। সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর এই বৈশ্বিক সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট আসামি ২২ জন। আজ বিচারিক কার্যক্রমের শুরুর দিকে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয় এবং পরে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনালে উপস্থিত থাকা পাঁচজন আসামির মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরী অন্যতম, তবে হাছান মাহমুদ ও নওফেলসহ ১৭ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী রিজওয়ানা ইউসুফ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলাটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য আইপিইউ পর্যবেক্ষক পাঠিয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, মানবাধিকারকর্মী ও ফ্রান্সের আইনজীবী হেলেন মাসিন শুরু থেকেই কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, 'হেলেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেসব ক্লারিফাই (পরিষ্কার) করা হয়েছে।' তিনি দাবি করেন, তাদের ব্যাখ্যায় পর্যবেক্ষক আশ্বস্ত হয়েছেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামিপক্ষের আইনজীবীরা কেন সময় চেয়েছেন তা নিয়ে পর্যবেক্ষক জানতে চাইলে তিনি জানান, আবেদনের কোনো সারবস্তু নেই এবং আসামিপক্ষ বিচার বিলম্বিত করার চেষ্টা করছে। এ ছাড়া আসামিদের সঙ্গে আইনজীবীদের একান্ত আলোচনার জন্য ট্রাইব্যুনালে ‘প্রাইভেট রুম’ আছে কি না, তা নিয়েও হেলেন প্রশ্ন করেন। তখন তাকে দেখানো হয় যে, আদালতের স্থায়ী আদেশ অনুযায়ী আসামিরা যেকোনো সময় আইনজীবীদের সঙ্গে সেখানে পরামর্শ করতে পারেন।