খুলনায় গুলিতে নিহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম
মঙ্গলবার রাতে দৌলতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান তিনি
খুলনা জেলা প্রতিনিধি · খুলনা
প্রকাশ:
খুলনার দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় মঙ্গলবার রাত আটটার দিকে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নিহত হয়েছেন। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হালিম নগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর বাড়ি নগরের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।
বিজ্ঞাপন
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, কল্পতরু মার্কেটের পূর্ব পাশের সড়কে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর মাথা ও বুকে আঘাত লাগে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, 'কারা, কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।' তিনি আরও জানান, আব্দুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তি কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন এবং তাঁর ঘেরের ব্যবসাও ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ৪১টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৮টি হত্যা মামলার মধ্যে ১৬টি মাদক ও আধিপত্য বিস্তার, একটি চাঁদাবাজি এবং পারিবারিক সহিংসতাসহ ১৩টি ও অন্যান্য ৮টি মামলা রয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।