নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টনের প্রস্তাব এনটিআরসিএর
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নতুন নম্বর বণ্টন ও সিলেবাসের প্রস্তাব করা হয়েছে
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মোট ২২০ নম্বরের একটি কাঠামো প্রস্তাব করেছে। এই প্রস্তাবিত পদ্ধতিতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর রাখার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
এনটিআরসিএ সূত্রে জানা যায়, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয়ে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে বরাদ্দ থাকবে এবং এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষার সময়সীমা হবে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার সময়কাল হতে পারে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য সবশেষে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত নয় এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের পর বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে, যা আগামী ৯ ডিসেম্বর শেষ হবে। এনটিআরসিএ জানায়, এই পরীক্ষা শেষ হওয়ার পর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।