অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার কর্মী নিয়োগ, মাসে বেতন সাড়ে তিন লাখ টাকা
ব্রিটিশ সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট প্রতিবছর পর্যটন মৌসুমের জন্য কর্মী নিয়োগ দেয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ব্রিটিশ সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’ (ইউকেএএইচটি) প্রতিবছর অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে পোর্ট লকরয় এলাকায় কাজের জন্য লোক নিয়োগ দেয়। এই চাকরির অংশ হিসেবে পর্যটকদের স্বাগত জানানো, পোস্টকার্ডে সিল মারা এবং পেঙ্গুইন গুনে হিসাব রাখার মতো দায়িত্ব পালন করতে হয়। প্রতিবছর এই কাজের জন্য মাত্র চার-পাঁচ জনের একটি ছোট দল বেছে নেওয়া হয়।
বিজ্ঞাপন
কাজের এই জায়গাটি হলো পামার দ্বীপপুঞ্জের গুডিয়ার দ্বীপ, যা আকৃতিতে প্রায় একটি ফুটবল মাঠের সমান এবং পুরোটাই পাথর ও বরফে ঢাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ‘অপারেশন ট্যাবারিন’-এর অংশ হিসেবে এটি ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে তৈরি হয়। ১৯৬২ সালে ঘাঁটিটি বন্ধ হয়ে যাওয়ার প্রায় ৩০ বছর পর সংস্কার করা হয় এবং বর্তমানে এটি অ্যান্টার্কটিক চুক্তির অধীনে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান।
সেখানে একটি জাদুঘর, উপহারের দোকান এবং পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত সচল ডাকঘর রয়েছে। নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ক্রুজে আসা হাজার হাজার পর্যটককে দলটি ঘাঁটির ইতিহাস জানায়, দোকান পরিচালনা করে এবং প্রতি মৌসুমে ৮০ হাজারের বেশি পোস্টকার্ডে সিল মারার কাজ সম্পন্ন করে।
এই কাজের অন্যতম আকর্ষণ হলো জেন্টু পেঙ্গুইনদের ওপর নজর রাখা। ইউকেএএইচটি-এর তথ্যমতে, সেখানে প্রায় এক হাজার পেঙ্গুইন বাস করছে এবং যুক্তরাজ্যের মেরু গবেষণাপ্রতিষ্ঠান বিএএস ১৯৯৬ সাল থেকে নিয়মিত তাদের ওপর নজরদারি করছে। এর মূল উদ্দেশ্য হলো পেঙ্গুইনদের প্রজনন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং পর্যটকদের উপস্থিতিতে তাদের কোনো ক্ষতি হচ্ছে কি না তা নিশ্চিত করা। পোর্ট লকরয় হলো একমাত্র জায়গা, যেখানে গবেষকেরা পুরো প্রজনন মৌসুমজুড়ে পেঙ্গুইনদের নিয়ে কাজ করার সুযোগ পান।
পেঙ্গুইনদের যেন কোনো বিরক্ত না হয়, সেদিকে খুব সতর্ক নজর রাখা হয়। শুরুর কয়েক সপ্তাহ কর্মীরা নির্দিষ্ট সীমানার বাইরে যান না। যখন প্রায় ৯৫ শতাংশ বাসায় ডিম চলে আসে, তখন পুরো দল মিলে দ্বীপের সব পেঙ্গুইন গণনা করে। ২০২৪ সালের ডিসেম্বরে সেখানে ৫৭১টি বাসা ও ৯৩৮টি ডিম গোনা হয়েছিল। মৌসুমের শেষে যখন ছানাগুলো বড় হয়ে একসঙ্গে দল বানিয়ে ঘোরাফেরা করে, তখন আবার এদের গোনা হয়। এভাবে বারবার গণনার কাজ চলতে থাকে, যতক্ষণ না পরপর দুইবারের গণনার ফলাফল প্রায় একই রকম বা কাছাকাছি আসে।
বিজ্ঞাপন
কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারিত হয়। সাধারণ সহকারীর পাশাপাশি বেস ম্যানেজার বা স্টোর ম্যানেজারের পদও থাকে। এখানে প্রতিমাসে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরো পর্যন্ত আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা। তবে কর্মীরা সেলফ-ইম্প্লয়েড হিসেবে কাজ করেন বলে প্রাপ্ত আয় থেকে নিজেদের কর বা ট্যাক্স নিয়মমতো পরিশোধ করতে হয়। সংস্থাটি থাকার জায়গা, খাবার এবং হাড়কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় উষ্ণ পোশাক বিনামূল্যে সরবরাহ করে।
সেখানে জীবনযাত্রা বেশ কঠিন। দ্বীপে কোনো বহমান পানির ব্যবস্থা নেই বলে বাইরে থেকে আসা নৌকা থেকে ২০ লিটারের পাত্রে খাবার পানি বয়ে আনতে হয়। এ কারণে সপ্তাহে মাত্র একবার গোসলের সুযোগ মেলে এবং খারাপ আবহাওয়ায় নৌকা না আসতে পারলে টানা দুই সপ্তাহ গোসল ছাড়াই থাকতে হতে পারে। সেখানে বিদ্যুতের একমাত্র উৎস সোলার প্যানেল, তাই হেয়ার ড্রায়ার বা মাইক্রোওয়েভ ওভেনের মতো বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্র ব্যবহার করা যায় না। এছাড়া সেখানে কোনো সাধারণ মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, যোগাযোগের জন্য সীমিত গতির স্যাটেলাইট ইন্টারনেট অথবা বড় জাহাজের ওয়াই-ফাইয়ের ওপর নির্ভর করতে হয়।
শৌচাগারের জন্য একটি পোর্টেবল ব্যবস্থা রয়েছে, যা প্রতিদিন নিজেদেরই পরিষ্কার করতে হয়। কর্মীদের বাঙ্ক বেড বা দোতলা খাটে ঘুমাতে হয় এবং ব্যারাকের ভেতরের তাপমাত্রা সাধারণত ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বাইরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৫ ডিগ্রি থেকে ওপরে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
এই চাকরিতে আবেদনের জন্য কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই, তবে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বিজ্ঞান নিয়ে পড়ার প্রয়োজন না থাকলেও শারীরিক ফিটনেস খুব ভালো হতে হবে, কারণ প্রতিদিনের কাজের মধ্যে রয়েছে বরফ পরিষ্কার করা, পিচ্ছিল পাথুরে জমিতে নৌকা থেকে মালপত্র নামানো এবং ১৫ কেজি ওজনের ভারী বাক্স বহন করা। এই দ্বীপে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং আবেদনকারীকে যুক্তরাজ্যে বসবাস করার যোগ্যতা ও কাজ করার বৈধ অনুমতিধারী হতে হবে। আগামী বছরের শুরুর দিকে ইউকেএএইচটি-এর অফিশিয়াল ওয়েবসাইটে পুনরায় আবেদনের সুযোগ আসবে।
বিজ্ঞাপন
যারা সেখানে যেতে পারছেন না, তাদের জন্য ইউকেএএইচটি একটি বিশেষ প্যাকেজ রেখেছে। এর মাধ্যমে ঘরে বসেই জেন্টু পেঙ্গুইন দত্তক নেওয়া যায়। এই প্যাকেজে বারো মাসের জন্য পেঙ্গুইন দত্তক নেওয়ার সুযোগ, অ্যান্টার্কটিকা থেকে পাঠানো পোস্টকার্ড, পেঙ্গুইনের খেলনা, তথ্যসমৃদ্ধ বুকলেট, ওয়েলকাম প্যাক এবং দত্তক নেওয়ার সনদ পাওয়া যায়।