আকাশপথে উড়ে অফিসে যান যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোলার
প্যারামোটর চালিয়ে মাত্র ২০ মিনিটে পৌঁছান কর্মস্থলে, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বসবাসকারী একজন তরুণ তার কর্মস্থলে যাতায়াতের জন্য বেছে নিয়েছেন একটি ব্যতিক্রমী মাধ্যম। পেশায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার জ্যাকব হাটজলার রাস্তার যানজট এড়াতে প্যারামোটর চালিয়ে আকাশপথে উড়ে অফিসে যান। এই যাতায়াতে তাঁর সময় লাগে মাত্র ২০ মিনিট।
বিজ্ঞাপন
প্যারামোটর হলো প্যারাগ্লাইডারের সঙ্গে পিঠে বহনযোগ্য ইঞ্জিন ও প্রপেলার যুক্ত একটি ওড়ার যন্ত্র, যা চালানোর জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না। সম্প্রতি নিজের এই অভিজ্ঞতার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন জ্যাকব, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি দেখিয়েছেন, কীভাবে বাড়ির সামনে থেকে উড়ে কর্মস্থলে পৌঁছান তিনি।
ভিডিওতে জ্যাকব বলেন, ‘প্যারামোটর মূলত প্রপেলারযুক্ত একটি ব্যাকপ্যাকসহ প্যারাগ্লাইডার। পিঠে ইঞ্জিন ও প্রপেলার বেঁধে হেঁটে উড্ডয়ন শুরু করতে হয়, এরপর আকাশে ওড়া যায়।’ তিনি জানান, উড়তে তিনি প্যারাজেট ম্যাভেরিক নামের একটি প্যারামোটর এবং ওজোন সিরোকো থ্রি মডেলের ১৮ মিটার ডানার প্যারাগ্লাইডার ব্যবহার করেন। তাঁর ভাষ্য, এই সরঞ্জাম তাঁকে গতি, দক্ষতা ও নিয়ন্ত্রণের মধ্যে ভালো সমন্বয় এনে দেয়।
উড্ডয়নের আগে জ্যাকবের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে প্রস্তুতি নেন তিনি। প্রথমে প্যারাগ্লাইডারের ডানা মেলে প্রস্তুত করেন এবং ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করে নেন। সবার ঠিক থাকলে শুরু হয় তাঁর আকাশযাত্রা। তবে উড়লেই সরাসরি বিমানবন্দরের আকাশসীমায় প্রবেশ করা যায় না।
কর্মস্থলের কন্ট্রোল টাওয়ারে পৌঁছাতে তাঁর মাত্র ২০ মিনিট লাগে। সংশ্লিষ্ট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে দুই দিকের যোগাযোগ স্থাপন করে অনুমতি নিয়ে নির্দিষ্ট আকাশসীমায় প্রবেশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, আকাশে ওড়ার সময় জ্যাকব কর্মস্থলের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং বিমানবন্দরের দক্ষিণ পাশে নিচু দিয়ে উড়ে অবতরণের অনুমতি চান।
বিজ্ঞাপন
কন্ট্রোল টাওয়ার থেকে জ্যাকবকে জানানো হয়, অনুরোধ অনুযায়ী অনুমতি দেওয়া হয়েছে। তবে অবতরণ করতে হবে নিজ দায়িত্বে এবং সতর্ক থাকতে হবে। বাতাসও তখন শান্ত ছিল। এরপর নিরাপদে অবতরণ করেন জ্যাকব।