ঢাকার তিন এলাকায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ১০ জন আটক
খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগর এলাকায় গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন নেতা–কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
খিলগাঁও থানার পুলিশ গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক, জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক। আটক তিনজনকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে তারা আটক হয়েছেন এবং তারা সেখানে আত্মগোপনে ছিলেন।
এদিকে রূপনগর থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে আজ ভোর পাঁচটার পর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে চারজনকে আটক করা হয়েছে। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।