দুর্বল হয়ে লঘুচাপে পরিণত ঘূর্ণিঝড় আকভান, আজ বৃষ্টির সম্ভাবনা
আজ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে, রাজধানীতে মিলতে পারে রোদের দেখা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর প্রভাবে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সকালে জানান, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে আছে। এর ফলে আজ দেশে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে। তিনি আরও বলেন, আজ উপকূল এলাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতে আকাশ মেঘলা থাকলেও কখনো কখনো রোদের মুখ দেখা যেতে পারে।
ভারতের ওডিশা উপকূলের গোপালনগরে গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে প্রবল ঘূর্ণিঝড় আকভান আঘাত হেনেছিল। আঘাত করার আগেই ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং সময় যত গড়িয়েছে এর ক্ষমতা ততই কমেছে। রাজধানীর আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঢাকায় বৃষ্টি কমে আসবে এবং রোদের দেখাও মিলতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। এর আগের দিন পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল যশোরে ১৩৩ মিলিমিটার। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ২২ মিলিমিটার এবং তার আগের দিনে হয়েছিল ১৯ মিলিমিটার।