ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম
বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ কথা বলেন
নিজস্ব প্রতিবেদক · শিবগঞ্জ, বগুড়া
প্রকাশ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ঢাকা দক্ষিণ সিটির বর্তমান প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেছেন। এ বিষয়ে মীর শাহে আলম বলেন, গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তাঁর বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনে দলীয় প্রার্থী কে হবেন, তা আমি বলিনি। আমার পুরো বক্তব্য প্রচার হয়নি। সেখানে বর্তমান প্রশাসক আবদুস সালাম এবং কাউন্সিলর হাজি মকবুল টিপু উপস্থিত ছিলেন। সেখানে বলেছি, সালাম সাহেব যদি মেয়র প্রার্থী এবং কাউন্সিলর পদে যদি টিপু সাহেব প্রার্থী হন, তবে তাঁদের আপনারা সমর্থন করবেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবে দল শুধু সমর্থন দেবে। মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে সিদ্ধান্ত হবে কাকে সমর্থন দেওয়া হবে। ঢাকা দক্ষিণে আমি কাউকে সমর্থন দিইনি ও দল–সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।’
অনুষ্ঠানে মীর শাহে আলম শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয়ের ৫৪৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যশিবির ও চক্ষু চিকিৎসা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।