কাজের শুরুতে বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭৮৬ লেখার বিধান
ইসলামি শরিয়তে বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ ব্যবহারের কোনো বৈধতা নেই।
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
প্রতিটি ভালো কাজ শুরুর আগে ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলা প্রত্যেক মুমিনের জন্য করণীয়। এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর আদেশ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের ওপর আমল করা হয়। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও বুজুর্গানে দ্বীনের যুগ থেকেই যেকোনো কাজের শুরুতে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ লেখার ধারাবাহিকতা চলে আসছে। ইসলামের ইতিহাসে বিসমিল্লাহর সংক্ষিপ্ত কোনো রূপ ব্যবহারের নজির পাওয়া যায় না।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর পরিবর্তে ‘৭৮৬’ লেখার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকের ধারণা অনুযায়ী, আরবি হরফ ‘বা’, ‘সিন’ ও ‘মীম’-এর আবজাদ বা সংখ্যামানের যোগফল ৭৮৬ হওয়ায় এটি বিসমিল্লাহর বিকল্প হতে পারে। তবে শরিয়তের দৃষ্টিতে এই ধারণার কোনো ভিত্তি নেই। পবিত্র কোরআন, হাদিস, ইজমা বা কিয়াসের কোনো মূলনীতিতেই বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭৮৬ লেখার কোনো স্বীকৃতি নেই।
‘আহসানুল ফতোয়া’সহ বিভিন্ন প্রখ্যাত ফতোয়াগ্রন্থে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহর বদলে ৭৮৬ লিখলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ লেখার সওয়াব পাওয়া যায় না এবং এর মাধ্যমে সুন্নতের আমলও আদায় হয় না। সংখ্যামান ৭৮৬ হলেও তা বরকতময় বাক্যের বিকল্প হতে পারে না। তাই যারা ৭৮৬ লেখায় অভ্যস্ত, তাদের এই ভুল ধারণা থেকে ফিরে এসে সরাসরি পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা ও পাঠ করা উচিত।