মানসিক প্রশান্তি ও দুশ্চিন্তা দূর করতে নবীজির শেখানো তিন দোয়া
অস্থিরতা ও পেরেশানি কাটাতে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতি আমল ও দোয়াগুলো অত্যন্ত কার্যকর
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বর্তমান সময়ের যান্ত্রিক জীবনে মনের ভেতর অস্থিরতা, অজানা শঙ্কা এবং মানসিক অবসাদ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ততা ও নানা ধরনের দুশ্চিন্তায় মাঝেমধ্যে মন ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে। মুমিনের মন শান্ত ও হৃদয়কে সতেজ রাখার সবচেয়ে বড় উপায় হলো মহান আল্লাহর স্মরণ এবং রাসুলুল্লাহ (সা.)-এর শিখিয়ে যাওয়া সুন্নতি আমল ও দোয়াগুলো আঁকড়ে ধরা। আল্লাহর জিকির ও তাঁর দরবারে নিবেদন বিক্ষিপ্ত মনকে প্রশান্তি ও স্থিরতা দান করতে পারে। দুশ্চিন্তা ও মন খারাপের মেঘ কাটিয়ে দিলকে প্রফুল্ল রাখতে প্রিয় নবী (সা.) উম্মতকে বেশ কিছু কার্যকরী দোয়া শিক্ষা দিয়েছেন।
বিজ্ঞাপন
বিপদ ও মানসিক সংকটে ইউনুস (আ.)-এর দোয়া অত্যন্ত কার্যকর। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে জানি—কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হলো আমার ভাই ইউনুস (আ.)-এর দোয়া। দোয়াটি হলো: لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ। এর উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন। এর অর্থ: হে আল্লাহ! তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের প্রতি অবিচার করেছি (জামে তিরমিজি: ৩৫০৫)।
দৈনন্দিন জীবনে দুশ্চিন্তা, পেরেশানি ও ঋণের ভার থেকে মুক্তির জন্য প্রিয় নবী (সা.) আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য একটি বিশেষ দোয়া নিয়মিত পড়তেন। আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ। এর উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আজু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
এর অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে (সহিহ বুখারি: ২৮৯৩)।
অন্তরকে আল্লাহর আনুগত্যে স্থির রাখার দোয়াটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আদম সন্তানের অন্তরগুলো পরম দয়াময় আল্লাহর দুই আঙুলের মাঝে একটি মাত্র অন্তরের মতো; তিনি যেভাবে ইচ্ছা তা ওলটপালট করেন (সহিহ মুসলিম: ৬৫০৯)। এরপর নবীজি (সা.) অন্তরের স্থিরতার জন্য এই দোয়াটি পড়তেন: اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ، صَرِّفْ قُلُوبَنَا عَلَىٰ طَاعَتِكَ। এর উচ্চারণ: আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ ক্বুলুবানা আলা ত্ব-আতিক। এর অর্থ: অন্তরগুলো পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন। নিয়মিত এই দোয়াগুলো পাঠ করলে ইনশা আল্লাহ মন প্রফুল্ল থাকবে এবং আল্লাহর বিশেষ রহমতে সকল পেরেশানি দূর হয়ে যাবে।