জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ গোলে হারাল ফর্টিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসি জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান সম্পন্ন করেছে। কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ এবং ভারতের এফসি গোয়ার কাছে ২-১ ব্যবধানে হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছিল দলটির।
বিজ্ঞাপন
ম্যাচের ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে পিছিয়ে পড়লেও ফর্টিস দারুণভাবে ঘুরে দাঁড়ায়। গোল খাওয়ার পাঁচ মিনিট পর বক্সের বাইরে ফাউল করায় রেগার-তাদাজের গোলকিপার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়। যদিও বদলি গোলকিপার শাখোবিদ্দিন মাখমুদজোদা পা ওমারের একটি ফ্রি-কিক রুখে দেন।
দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে পা ওমার বাবুর পাস থেকে রাফায়েল টুডু ব্যাকহিলে গোল করে দলকে সমতায় ফেরান। ৭১তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে অনন্ত তামাংয়ের হেডের বল পেয়ে শিয়ান কাওয়াসাকি জোরালো ভলিতে ফর্টিসকে এগিয়ে দেন। সর্বশেষ ৮৮তম মিনিটে শুকি ইতোফুসার গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।