মেট্রোরেলের তিন স্টেশন ও সড়কে যান চলাচল স্বাভাবিক
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
সকাল আটটার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ তাঁদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশ বারবার সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। জবাবে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়, এতে স্টেশনের পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রোরেল স্টেশনের নিরাপত্তাকর্মী খালিদ হাসান জানান, সংঘর্ষের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়। স্টেশনের পূর্ব পাশের একটি গেট এখনো বন্ধ রয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন স্থান থেকে এসে ১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছিলেন। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. হানিফ জানান, বেলা একটার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল শনিবারও একই দাবিতে শ্রমিকেরা মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছিলেন।