১৯ বছর পর লি চ্যাং ডংয়ের সিনেমায় ফিরছেন জিওন
নতুন সিনেমা ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই অভিনেত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী জিওন দো ইয়ন দীর্ঘ ১৯ বছর পর পরিচালক লি চ্যাং ডংয়ের সাথে কাজ করেছেন। নতুন সিনেমা ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য তিনি সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন, যা তাকে বেশ অবাক করেছে। এর আগে ২০০৭ সালে লি চ্যাং ডংয়ের ‘সিক্রেট সানশাইন’ সিনেমায় অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি।
বিজ্ঞাপন
‘পসিবল লাভ’ সিনেমায় জিওন দো ইয়ন কারখানা শ্রমিক হো সোকের (অভিনয়ে সল কিয়ং গু) স্ত্রী মি ওক চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় আরও অভিনয় করেছেন তথ্যচিত্র নির্মাতা ইয়ে জি চরিত্রে জো ইয়ো জিয়ং এবং তাঁর ধনী স্বামী সাং উ চরিত্রে জো ইন সুং। ২০১৮ সালে ‘বার্নিং’ সিনেমার পর আট বছর বিরতি দিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন লি চ্যাং ডং। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জুরি বিভাগের গ্র্যান্ড প্রিক্স ও সিলভার লায়ন পুরস্কার পেয়েছে এবং গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
নিজের অভিনয় নিয়ে জিওন দো ইয়ন বলেন, ‘আমি অবাক হয়েছি। “সিক্রেট সানশাইন”-এ শিন আ চরিত্রের মতো এখানে তীব্র বা নাটকীয় আবেগের কোনো বিষয় ছিল না।’ শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করছি বলে কঠিন একটি প্রকল্পের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শুটিং সেটের পরিবেশ ছিল অবিশ্বাস্য রকমের ভালো। সবকিছু এত স্বাভাবিকভাবে এগোচ্ছিল, গল্পেও বড় কোনো ঘটনা ঘটছিল না। একসময় আমার মনে হয়েছিল, এভাবে সিনেমার শুটিং করা ঠিক হচ্ছে তো?’
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী শেষে দর্শকেরা ছয় মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানানোর পরও অভিনেত্রী নিজের অভিনয় নিয়ে সংশয়ে ছিলেন। জিওন জানান, ‘প্রদর্শনীর পর পেছনে গিয়ে আমি লি চ্যাং ডংকে জিজ্ঞাসা করেছিলাম, আমি সত্যিই ভালো অভিনয় করেছি কি না। তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি ভালো করেছি। তিনি সাধারণত এমনটা করেন না।’
সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতাকে স্বপ্নের সাথে তুলনা করে জিওন বলেন, ‘শুটিংয়ে অংশ নেওয়া সব অভিনয়শিল্পীরই মনে হতো, গল্পটি যেন শেষ না হয়, চলতেই থাকে। কিন্তু স্বপ্নের মতো সেই অভিজ্ঞতা খুব দ্রুত শেষ হয়ে গেছে।’ অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন আগের কথা, কান চলচ্চিত্র উৎসবে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি, কোনো পুরস্কার জিতলেই আমি হঠাৎ অন্য কোনো অভিনেত্রী হয়ে যাই না কিংবা আমার পরিচয় বদলে যায় না। ফল যা-ই হোক, এই কাজের মধ্য দিয়ে আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি, সেটাই গুরুত্বপূর্ণ।’