দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
এক দিনে ২৪ লাখ ডলার অনুদান পেলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদের নির্বাচনী প্রচার তহবিলে একদিনেই রেকর্ড পরিমাণ অর্থ জমা হয়েছে। গত রোববার ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স হঠাৎ করেই ওই আসনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ার দিনই এই তহবিল সংগ্রহের ঘটনা ঘটে। নির্বাচনের মাত্র দুই দিন আগে প্রচার শিবির একদিনে ২৪ লাখ ডলার সংগ্রহ করেছে, যা তাদের নির্বাচনী প্রচারণার ইতিহাসে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
প্রচার শিবিরের মুখপাত্র কোল ওজনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তৃণমূল পর্যায় থেকে এই রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ মিশিগানের মানুষের মাঝে ড. আবদুল আল-সাইয়েদকে নিয়ে তৈরি হওয়া ব্যাপক উদ্দীপনার প্রমাণ। তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের এই ঘটনা মিশিগানের মানুষের মাঝে আবদুল আল-সাইয়েদকে নিয়ে তৈরি হওয়া ব্যাপক উদ্দীপনারই প্রমাণ। একই সঙ্গে এটি বছরের পর বছর ধরে মিশিগানকে পিছিয়ে রাখা পুরোনো ধারার রাজনীতিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট বার্তা।’
প্রচার শিবিরের তথ্য অনুযায়ী, এদিন ৬৫ হাজারেরও বেশি মানুষ আল-সাইয়েদের তহবিলে অনুদান দিয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৬০২ জন প্রথমবারের মতো প্রচারাভিযানে অর্থ সহায়তা প্রদান করেছেন এবং গড়ে প্রত্যেকে ৩৬ ডলার ৭৪ সেন্ট করে দিয়েছেন।
রোববার ডেমোক্রেটিক পার্টির সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেওয়ায় দলীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তবে এই ঘটনার পর ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় ও জাতীয় নেতারা ড. আবদুল আল-সাইয়েদের পক্ষে আরও জোরালোভাবে অবস্থান নিয়েছেন।