এনায়েতুল্লাহ আব্বাসীকে সাংবাদিকদের পেটানোর হুমকির জন্য ক্ষমা চাইতে আইনি নোটিশ
১৯ অক্টোবর চাঁদপুরের মাদ্রাসা সমাবর্তনে দেওয়া মন্তব্যের পর নোটিশ পাঠানো হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আজ রোববার ঢাকার আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম নোটিশ পাঠান। নোটিশে ইস্লামিক বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’ এবং ‘একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে।
বিজ্ঞাপন
সাংবাদিকরা ইতিবাচক সংবাদটা প্রচার করে নাই, প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়িয়েছে। এই সাংবাদিকগুলো হচ্ছে সাংঘাতিক। এরা হলুদ সাংবাদিকতা করে।
এরা বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক পয়সায় চলে। বাংলাদেশ ভালো হোক এটা তারা চায় না।’ মত অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, নোটিশের প্রাপ্তি সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানি, হামলার হুমকি ও উসকানির জন্য প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে আরও বলা হয়েছে, এই মন্তব্যের মাধ্যমে সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী নিজে এবং অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর হুমকি দিয়েছেন, যা সাংবাদিকতার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। নোটিশদাতা আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উনি একজন ইসলামি বক্তা হয়ে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সংবাদপত্র ও সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা তাঁর এই বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে প্রত্যাখ্যান করে ক্ষমা প্রার্থনা করার জন্য অফিশিয়ালি নোটিশ দিয়েছি। সাত দিনের মধ্যে যদি তিনি ক্ষমা না চান তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’