শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
যশোর থেকে মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু হচ্ছে বুধবার
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার মামলার পুনর্বিচারের কোনো সুযোগ নেই। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইন অনুযায়ীই বিচার সম্পন্ন হয়েছে এবং কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার অবকাশ নেই।
বিজ্ঞাপন
ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আপিল ও নতুন করে বিচারের যে শর্ত দিয়েছে, সে বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।
প্রসিকিউটর আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম ও মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের জন্য সারা দেশে গণশুনানি করা হবে। আগামী বুধবার যশোর জেলা থেকে এই কার্যক্রম শুরু হবে এবং এতে জুলাই শহীদ পরিবারসহ রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আনিস আহমেদ।
এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।
বিজ্ঞাপন
সাক্ষ্যগ্রহণের সময় এ বি এম ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান ও তৌহিদুল ইসলামসহ পাঁচজন হাজিরা দিয়েছেন, তবে হাছান মাহমুদ ও নওফেলসহ ১৭ আসামি পলাতক রয়েছেন। এই মামলায় ২০২৪ সালের ১৬ ও ১৮ জুলাই ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।