সঙ্গীর মিথ্যাচার শনাক্ত করার ১০টি উপায়
গবেষণায় উঠে এসেছে সঙ্গীর প্রতারণা বা গোপনীয়তা ধরার বিভিন্ন মনস্তাত্ত্বিক মাপকাঠি
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
প্রেম বা দাম্পত্য সম্পর্কে পারস্পরিক সততা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তবে অনেক সময় সঙ্গীর মিথ্যাচার বা গোপনীয়তা নিয়ে মনে সন্দেহের সৃষ্টি হলে তা মানসিক প্রশান্তি নষ্ট করে। মনস্তত্ত্ববিদদের মতে, ঘনিষ্ঠ সম্পর্কে মানুষ শুধু দৈনন্দিন ঘটনা নয়, বরং নিজেদের দুর্বলতা ও ভবিষ্যতের স্বপ্নগুলোও ভাগ করে নেন। তাই এখানে একবার মিথ্যা বা গোপনীয়তার আশ্রয় নিলে তা সম্পর্কের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্ট’-এর মনস্তত্ত্ব ও মস্তিস্কবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুসান ক্রাউস হুইটবোর্ন মনস্তাত্ত্বিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে সম্পর্কের মিথ্যাচার শনাক্তের বৈজ্ঞানিক মাপকাঠি তুলে ধরেছেন। ডেনমার্কের ‘ইউনিভার্সিটি অব কোপেনহেগেন’-এর গবেষক রাচেল মাজিনি ও তার সহকর্মীদের পরিচালিত এবং ‘ইউরোপিয়ান জার্নাল অব সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট’-এ প্রকাশিত এই গবেষণায় প্রায় ৯০০ অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্কে অসততা পরিমাপের ১০টি সূচক নির্ধারণ করা হয়েছে, যার প্রথম ৬টি সাধারণ প্রতারণা ও শেষের ৪টি পরকীয়া বা বিশ্বস্ততা ভঙ্গের প্রবণতা নির্দেশ করে।
গবেষকদের মতে, অসততার সূচকগুলোর মধ্যে রয়েছে অস্বাভাবিকতা লুকানো, অর্থাৎ ভেতরে অস্থিরতা থাকা সত্ত্বেও স্বাভাবিক থাকার চেষ্টা করা। এছাড়া ছোটখাটো মিথ্যা বলা, অনুভূতি বাঁচানোর অজুহাতে সত্য গোপন করা, অনুভূতির স্বচ্ছতার অভাব, তথ্যের বিস্তারিত এড়িয়ে যাওয়া এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা। বিশ্বস্ততা ভঙ্গের সূচকগুলোর মধ্যে রয়েছে প্রতারণার চিন্তা করা, অন্য কারও প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করা, অবিশ্বস্ততার কল্পনা করা এবং সঙ্গী ছাড়া অন্য কারও সঙ্গে আবেগীয়ভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা।
ড. সুসান ক্রাউস হুইটবোর্নের পরামর্শ অনুযায়ী, “এই প্রশ্নগুলো সরাসরি সঙ্গীর হাতে দিয়ে উত্তর চাইতে হবে না; বরং দৈনন্দিন আচরণের মাধ্যমে এগুলো মিলিয়ে দেখা যায়।” তিনি আরও বলেন, সঙ্গী গল্প বলার সময় কোনো তথ্য এড়িয়ে যাচ্ছেন কি না বা কেবল খুশি করার জন্য কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কি না, তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। এছাড়া সামাজিক অনুষ্ঠানে সঙ্গীর অন্য কারও অতিরিক্ত প্রশংসা, ইঙ্গিতপূর্ণ রসিকতা বা অকারণে ঘনঘন আড্ডার অজুহাত অবিশ্বস্ততার ইঙ্গিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।