ঢাকার ৯ এলাকায় বায়ুদূষণ মাত্রাতিরিক্ত
রাজধানীর ৯টি এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর ও একটি স্থানে খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রোববার সকাল সাড়ে আটটার হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৩, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুচিং ও ভারতের মুম্বাইয়ের স্কোর ছিল যথাক্রমে ২১০ ও ১৯১।
বিজ্ঞাপন
আইকিউএয়ারের ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যমতে, ঢাকার বাতাসে প্রধান দূষক হিসেবে রয়েছে পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণা। এর ঘনত্ব প্রতি ঘনমিটারে রেকর্ড করা হয়েছে ৮৮ দশমিক ৫ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক মানদণ্ডের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি।
রাজধানীর ৯টি স্থানে দূষণের মাত্রা অনেক বেশি এবং একটি স্থানে তা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে থাকা উত্তর বাড্ডার আবদুল্লাহবাগের স্কোর ২০১। এছাড়া গুলশান লেক পার্ক (১৮৬), আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয় (১৭৯), বারিধারা লেক সাইড (১৭৯), বারিধারা পার্ক রোড (১৭৭), বেচারাম দেউড়ি (১৭৬), ইস্টার্ন হাউজিং (১৭৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৯) এবং বেইজ এজ ওয়াটার (১৬৫) এলাকাগুলো দূষিত বাতাসের তালিকায় রয়েছে।
ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ রাজশাহীতে, যার স্কোর ১৬৯। এছাড়া খুলনায় ১৬৪, রংপুরে ১৫৭, ময়মনসিংহে ১৫৫, বরিশালে ১৫১, চট্টগ্রামে ১৪২ ও সিলেটে ১১২ স্কোর রেকর্ড করা হয়েছে। আইকিউএয়ার জানায়, এই সূচক তাৎক্ষণিক হওয়ায় সময়ের সঙ্গে স্কোর পরিবর্তন হতে পারে।