জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্যাপন
রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত অনুষ্ঠানে সব ধর্মের মানুষের সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে অবস্থিত ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ (সিবিসিবি) মিলনায়তনে জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের (এনসিসিবি) ৭৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, ধর্মীয় উৎসব যার যার, রাষ্ট্র আমাদের সবার।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন এবং গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব সম্প্রদায়ের মানুষের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, সরকার সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমস্যা জানার চেষ্টা করছে এবং এসব সমস্যা লিখিত ও মৌখিকভাবে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হচ্ছে। তিনি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে নাগরিক হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন।
এনসিসিবির সভাপতি স্যামুয়েল সুনীল মানখিন বলেন, শান্তি, ন্যায্যতা ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে জাতীয় চার্চ পরিষদ। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এনসিসিবি গত ৭৫ বছরে ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শান্তি প্রতিষ্ঠা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, ওমনিয়া ইনস্টিটিউট ফর কনটেক্সচুয়াল লিডারশিপের সভাপতি রেভারেন্ড শান্তা প্রেমাবর্ধনা, রেভারেন্ড ক্যাথরিন সুজান চ্যাং, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি জন গমেজ এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ডেভিড অনিরুদ্ধ দাশসহ বিশিষ্টজনেরা।