জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ
রবিবার সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আয়োজন উপলক্ষে রবিবার সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
অনুষ্ঠানে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), জগন্নাথ হল সংসদের নেতারা এবং হল শাখা ছাত্রদলের নেতারাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করেন। তাঁরা নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালন করে থাকেন।
উপাচার্য আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সমান অধিকার নিয়ে সবাই কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’