নিজ এলাকায় গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ
নিজ নির্বাচনী এলাকায় এমন আয়োজনে অনীহার কথা জানিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি
হবিগঞ্জ জেলা প্রতিনিধি · হবিগঞ্জ
প্রকাশ:
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ তাঁর নির্বাচনী এলাকায় গ্রাম্য গানবাজনা বন্ধের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অবস্থান তুলে ধরেন। তাঁর দাবি, এলাকার মানুষ এ ধরনের গানবাজনা পছন্দ করেন না।
বিজ্ঞাপন
সভায় জি কে গউছ বলেন, ‘আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’
সংসদ সদস্য সভায় আরও বলেন, শীত মৌসুমে ওয়াজ মাহফিল ও তাফসির বেশি বেশি হবে। তবে এসব আয়োজন নিয়ে যেন কোনো উত্তেজনা সৃষ্টি না হয় বা ধর্মীয় কোনো অপব্যাখ্যা দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি। এছাড়া প্রশাসনকে এসব আয়োজনের অনুমোদনের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি সভায় বাণিজ্য মেলা, শিল্প মেলা বা বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা ও জুয়ার মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, এসব মেলা আয়োজনের প্রয়োজন নেই।
পার্শ্ববর্তী জেলার উদাহরণ টেনে তিনি বলেন, ‘সেখানকার মানুষের চাহিদা আছে। আমাদের এলাকার মানুষের এই চাহিদা তো নাই। মানুষ তো অপছন্দ করে।’ তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই।’
বিজ্ঞাপন
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এইটা-সেইটা কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। এগুলা সমাধান করব, না নতুনভাবে জঞ্জাল নেব?’
এদিকে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে কথা হয় হুইপ জি কে গউছের সঙ্গে। তিনি দাবি করেন, সব ধরনের গানবাজনা বন্ধের কথা তিনি বলেননি, বরং ‘উচ্ছৃঙ্খল’ গান বন্ধের কথা বলেছেন। তিনি আরও বলেন, ‘গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতেই গানবাজনা বন্ধে প্রশাসনকে বলেছি।’
রোববার রাতে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা। অনেকে মন্তব্য করেছেন যে জনপ্রতিনিধির কাজ নির্দিষ্ট মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়, বরং সবার অধিকার রক্ষা করা। রামেন্দ্র দাস, সন্দীপ দাসসহ অনেকে ফেসবুকে লিখেছেন, গান পছন্দ করেন এমন মানুষও তাঁকে ভোট দিয়েছেন। ‘মাই স্কোপ’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ধর্ম পালন যেমন ব্যক্তিগত স্বাধীনতা, তেমনি নিজস্ব সংস্কৃতি চর্চা করাও ব্যক্তিস্বাধীনতার অংশ। এছাড়া সুমন মিয়াসহ অনেকে জনপ্রতিনিধির কাছে সবার সমান অধিকার ও সাংস্কৃতিক সহনশীলতা প্রত্যাশা করেছেন।