বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামান নিয়োগ
মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার। সেই সঙ্গে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপর একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ওয়াহিদ-উজ-জামানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁর অবসরোত্তর ছুটিসহ সংশ্লিষ্ট সব সুবিধা স্থগিত থাকবে এবং তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।