ঢাকা দক্ষিণে চার রঙের ই-রিকশা চালুর উদ্যোগ, ২৯ হাজার ফরম বিক্রি
নিবন্ধনের জন্য বুয়েটের নিরাপত্তা মানদণ্ড ও বিধিমালার শর্ত পূরণ বাধ্যতামূলক করেছে ডিএসসিসি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চারটি অঞ্চলের জন্য নির্দিষ্ট রঙের ই-রিকশা চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অঞ্চলভেদে এসব রিকশার রং হবে সবুজ, নীল, বেগুনি ও কমলা। গত ৩ নভেম্বর থেকে এই রিকশা নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে এবং আজ রোববার বিকেল পর্যন্ত মোট ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না, বরং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নিরাপত্তার মান ও বিধিমালার সব শর্ত পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
আজ রোববার বিকেলে নগর ভবনে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বুয়েটে পরীক্ষিত ই-রিকশাগুলো পরিদর্শন করেন। ই-রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়। পরে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে নিবন্ধিত ই-রিকশা নামানোর কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে।
৩ নভেম্বর থেকে নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয়ে ১০০ টাকা মূল্যের আবেদন ফরম বিক্রি শুরু হয়। শুরু থেকেই সংস্থাটি স্পষ্ট করেছে যে, ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও কারিগরি মানদণ্ড পূরণ সাপেক্ষে নিবন্ধন দেওয়া হবে। ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক ১৩টি প্রতিষ্ঠানের বুয়েটে পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করেছেন। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আরও চারটি প্রতিষ্ঠানের রিকশা বর্তমানে পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। এরপর কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন করা হবে। এসব ধাপে সন্তোষজনক ফল পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলো উৎপাদনের অনুমতি পাবে। বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না।’
প্রশাসক আরও জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন—উভয় প্রক্রিয়া বিধিমালা পুরোপুরি অনুসরণ করেই সম্পন্ন করা হবে। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। এতে নিবন্ধন, কারিগরি মান, নিরাপত্তা ও চলাচলের শর্ত নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যক্তি এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন।
বিজ্ঞাপন
বিধিমালা অনুযায়ী, বুয়েটের নির্ধারিত কারিগরি ও নিরাপত্তার মান পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া ই-রিকশার নিবন্ধন বা নবায়ন সম্ভব নয়। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেওয়ার বিধান রাখা হয়েছে। ই-রিকশা চলাচলের জন্য নির্দিষ্ট রুট ও অঞ্চল নির্ধারণ করবে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ।
এক অঞ্চলের নিবন্ধিত ই-রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক, প্রধান বাস রুট, বিআরটি করিডর ও ফুটপাতসহ নিষিদ্ধ সড়কে এসব যান চলাচল করতে পারবে না। ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে, তবে স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও জনাকীর্ণ এলাকায় গতিসীমা ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি হতে পারবে না।